দোলকের নতুন পথচলা
দীর্ঘ বিরতির পর দোলক আবার ফিরে আসছেনতুন নামে, নতুন ভাবনায় কিন্তু একই আত্মা নিয়ে। বাংলা কবিতার জন্য একটি নিবেদিত মুদ্রিত পত্রিকা হিসাবে দোলক-কবিতা প্রকাশিত হবে ফেব্রুয়ারি ২০২৭ থেকে।
একসময় দোলক বাংলাদেশের সাহিত্যপত্রিকার ভেতরে একটি ভিন্ন ধরনের যাত্রা শুরু করেছিল। সেই যাত্রা মাঝপথে থেমে গেলেও তার স্বপ্ন কখনো থামেনি। বহু বছর ধরে দোলকের টিম সেই স্বপ্নটিকেই বাঁচিয়ে রেখেছে। অবশেষে আবারও আমরা ফিরে আসার সাহস করছি—আরও মনোযোগী, আরও সংযত, আরও গভীরভাবে কবিতার কাছে ফিরে যাওয়ার ইচ্ছা নিয়ে।
দোলক-কবিতা মূলত সমকালীন বাংলা কবিতার একটি স্বাধীন পরিসর। এখানে আমরা নতুন ও তরুণ লেখকদের বিশেষভাবে গুরুত্ব দিতে চাই। একই সঙ্গে প্রতিষ্ঠিত ও অপ্রতিষ্ঠিত কণ্ঠের ভেতরে একটি সংলাপ তৈরি করতে চাই। কবিতা, অনুবাদ-কবিতা, কবিতাবিষয়ক গদ্য ও শিল্পচর্চার মধ্য দিয়ে আমরা এমন একটি পত্রিকা গড়ে তুলতে চাই, যেখানে ভাষা ও ভাবনার নতুন সম্ভাবনা জায়গা পাবে।
আমাদের বিশ্বাস মুদ্রিত সাহিত্যপত্রিকার এখনও প্রয়োজন আছে। এখনও কাগজের গন্ধ, হাতে তুলে পড়ার অনুভূতি, একটি যত্নে তৈরি পত্রিকার অপেক্ষা—এসবের ভেতরে আলাদা এক আবেগ কাজ করে। দোলক-কবিতা সেই অনুভূতিকেই আবার ফিরিয়ে আনতে চায়।
আমরা প্রতিষ্ঠিত ও নতুন সকল কবিকে তাদের কবিতা দ্রুত পাঠানোর জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। আকাব্যিক অভিজ্ঞতাকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই।
এই নতুন যাত্রায় আমরা পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের পাশে চাই। কারণ একটি সাহিত্যপত্রিকা কখনো একা তৈরি হয় না—এটি তৈরি হয় অনেক মানুষের ভালোবাসা, শ্রম ও বিশ্বাস দিয়ে।
দোলক এবার শুধুই কবিতার লক্ষ্যে।
দোলক এর সম্মানিত লেখক।